জীবনে কি আসে
কষ্টের জীবন
জীবনে চলার পথে কত কি সামনে আসে মানুষের। ভালো মন্দ সুখ দুঃখ অপমান লাঞ্ছনা অবহেলা । প্রাপ্তি অপ্রাপ্তি হাজারো রকম প্রতিকূলতার মাঝেও মানুষ বেঁচে থাকার জন্য সব মেনে নেয়। মনে হয় বেঁচে থাকা ভীষন জরুরী। বেঁচে থাকাটাই মুখ্য বাকি সব যন্ত্রনা দিলেও তবু নিঃশ্বাস নেয়ার মত সুখের শান্তির কিছু নেই।
.
আমার জীবনে কোন প্রতিকূলতা সম্মুখীন আজো ভাগ্যক্রমে হতে হয়নি। আমার জন্য সব সহজলভ্য ছিলো ছেলেবেলা থেকেই। আমার পরিবার আমার বন্ধু আমার ভাই বোন আমরা সবাই সুখী মানুষের দল । আমি ভাগ্যবতী আমার না চাওয়া সব কথা তারা বুঝে নিয়ে তা পূরণ করেছে এতকাল। আমিও হয়তো তাই চাওয়ার কথা ভাবিনি কখনো। আসলে না চাইতেই সব পেয়ে গেলে শুধু শুধু বলবোই বা কেনো?
.
আমি শব্দ জমিয়ে রাখি তাদের কৃতজ্ঞতা জানাবার জন্য। অবাক করা ব্যাপার কখনো বলাই হয়না আমি চিরঋণী তাদের কাছে। আমার মাকে আমি খুব জ্বালাই সেই জন্ম থেকেই। আমার জন্মের নির্ধারিত সময়ের আগেই নানা জটিলতা নিয়ে আমি চিৎকার করে চলে আসি পৃথিবীর রুপ রং দেখতে। এতে বোঝা যায় আমি লোভী মানুষ হয়েই জন্মেছি । ছোট বেলায় আমাকে নিয়ে তাই ভয় ছিলো হয়তো বাবা মা ভেবেই নিয়েছিলেন আগে যেমন চলে এসেছি ঠিক সময়ের আগেই আবার হয়তো চলে যাবো।
.
ভয়ে ভয়ে এতটা কাল তারা কাটিয়ে দিলেন আমি দিব্যি বেঁচে আছি তবু তারা আশ্বস্ত হতে পারেনা, আমি সেই ছোট সাইজের বাচ্চাটি আর নেই বড় হয়েছি । আজো আমার এক হাঁচিতে তাদের হৃদয় স্পন্দন কয়েক হাজার গুণ বেড়ে যায়।এখন আমি থাকিও দূরে তারা সারাক্ষন আতঙ্কে থাকেন না জানি কি করছি আমি সে ভাবনাতেই। ঘন্টায় ঘন্টায় ফোন কোথায় আমি ,কি করছি ,কোথায় আছি , কার সাথে খেলাম কিনা। বোঝাতেই পারিনা প্রতি ঘন্টায় জায়গা পরিবর্তন হয়না খাওয়া যায়না । তাদের শিশুসুলভ আচরণে সাংঘাতিক রাগ হয় আবার হাসিও পায়।
.
মাঝে মাঝে মনে হয় অনেক বেশি পেয়ে গেলাম , মাঝে মাঝে মনে হয় এতটাও আমার প্রাপ্য নয়। আমার জীবনে সত্যি কোনো জটিলতা নেই সেই অর্থে যা কিছুই আছে তা খুব সামান্য তুচ্ছ মনে হয় বাকিদের জীবন যুদ্ধ দেখলে। আমি ভাগ্যবতী আমার কষ্ট ততটা নেই যতটা চোখের সামনে বাকিদের পেতে দেখি। তবুও তাদের বেঁচে থাকার আকাঙ্খা আমাকে আরো লোভী করে তুলে আমাকে অনুপ্রেরণা যোগায় আমাকে উজ্জীবিত করে জীবনে সকল বাধার সাথে লড়াই করতে সাহস দেয়।
.
জন্মের সময় বেশ যুদ্ধ করেছি বলেই হয়তো আমার ঈশ্বর আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। যাদের জীবনে কষ্ট আছে যন্ত্রনা আছে বেদনা আছে তাদের জন্য আমার কখনো সমবেদনা আসেনা কারন আমি বিস্বাস করি তারা একেক জন যোদ্ধা সংগ্রাম করেই তারা টিকে আছে জীবনে আমি তাদের সম্মান করি শ্রদ্ধা করি । আমিই একমাত্র মানুষ যার সারাক্ষন মনে হয় আমি একটা যুদ্ধ করেছিলাম কিন্তু জীবনের আসল স্বাদ জীবনযুদ্ধে আমি অংশ নিতে পারলাম না এখনো। বেঁচে থাকার মত চমৎকার আর কিছু নেই ।

No comments